মধ্যপ্রাচ্য

আরামকোতে হামলা ইসরায়েলি ‘ফলস ফ্লাগ’ অপারেশন, দাবি ইরানের

রিয়াদ, ৩ মার্চ – সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় সাম্প্রতিক হামলাকে ইসরায়েলের একটি ‘ফলস ফ্লাগ’ বা সাজানো অভিযান হিসেবে দাবি করেছে ইরানের তাসনিম নিউজ। একটি সামরিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোর মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতেই ইসরায়েল এই কৌশলী হামলা চালিয়েছে।

ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলে অবস্থিত সমস্ত আমেরিকান এবং ইসরায়েলি সম্পদ ও স্থাপনাকেই কেবল লক্ষ্যবস্তু করবে। তবে সৌদি আরবের আরামকো স্থাপনাগুলো তাদের হামলার তালিকার অন্তর্ভুক্ত ছিল না। সামরিক সূত্রের বরাতে আরও জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ইসরায়েলের পরবর্তী হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সোমবার ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে আগুন ধরে যায় এবং এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার। উল্লেখ্য, ফলস ফ্লাগ বা মিথ্যা পতাকা হামলা হলো এমন এক ধরণের গোপন অভিযান, যেখানে প্রকৃত হামলাকারী নিজেদের আড়াল করে প্রতিপক্ষের ওপর দোষ চাপিয়ে স্বার্থ উদ্ধার বা সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language