জাতীয়

ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, মিলবে অনলাইনে

ঢাকা, ২ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে মঙ্গলবার ৩ মার্চ থেকে এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে।

রেল ভবন সূত্র জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সহজ সেবা নিশ্চিত করতে এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ সংগ্রহ করা যাবে। এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।

সাধারণ যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে কাউন্টার মারফত সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, তবে ঈদুল ফিতরের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ডযোগ্য নয়।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language