পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

পটুয়াখালী, ১ মার্চ – পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির অপরাধে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের পুরান বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে পুরান বাজারের আল আমিন মুরগির আড়ত থেকে প্রায় ১৫০টি জবাই করা মুরগি পটুয়াখালী পৌর নিউমার্কেটে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হয়। এর মধ্যে ৩৭টি মরা মুরগি শনাক্ত করেন স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীরা। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা তড়িঘড়ি করে মরা মুরগিগুলো ফেরত নিয়ে নদীতে ফেলে দেয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম জানান, মরা মুরগি বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। খামার থেকে আগেই মুরগি জবাই করে বাজারে আনা হয়েছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্ত সোহাগ হাওলাদারকে এই শাস্তি প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ সোয়েব।
এস এম/ ১ মার্চ ২০২৬









