জাতীয়

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াতের প্রস্তাবকে অবান্তর বললেন গয়েশ্বর

ঢাকা, ১৬ আগস্ট – সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে জামায়াতে ইসলামীর প্রস্তাবের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগমুহূর্তে এ নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অবান্তর এবং এতে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার নির্বাচন ভবনে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিষয়টি সংসদীয় চ্যাপ্টারের বিষয়।

সংসদ যদি সম্মিলিতভাবে বিবেচনা করে তবেই এটি সংশোধন সম্ভব। তবে বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্ন তোলা কনফিউশন সৃষ্টি করার নামান্তর। তিনি আরও উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী পথ চলতে গেলে কোনো বাধা থাকলে তা কেবল সংসদের মাধ্যমেই সংশোধন করা উচিত। রাজপথে এ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, গত ১৩ তারিখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

আজ বাছাই পর্বে তার প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। এই মনোনয়নে প্রস্তাবক ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায় নিজে। এখন ২০ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছেন বলে জানান তিনি।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language