পটুয়াখালী

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

 

পটুয়াখালী, ২০ জুন – ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর উন্মাদনায় পটুয়াখালীতে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করেছেন এক আর্জেন্টিনা সমর্থক।

আজ শনিবার সকালে শহরের ঝাউবাগান এলাকায় কাজী রাফি নামের ওই যুবক নিজের মাথা ন্যাড়া করেন। জানা গেছে পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি গত শুক্রবার ফেসবুক লাইভে ঘোষণা দিয়েছিলেন যে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে তবে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন।

তার এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। এরপর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় জড়ো হতে শুরু করেন।

প্রতিশ্রুতি অনুযায়ী রাফি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবাগান এলাকায় আসেন এবং সেখানে উপস্থিত সমর্থকদের সামনেই তার মাথা ন্যাড়া করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঝাউবাগান এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপস্থিত অনেক ফুটবলপ্রেমী এই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। স্থানীয় ব্রাজিল সমর্থকরা জানান যে আর্জেন্টিনার সমর্থক হয়েও রাফি তার দেওয়া কথা রেখেছেন যা প্রশংসার দাবি রাখে।

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন তিনি ফেসবুক লাইভে যে কথা দিয়েছিলেন তা রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছেন। খেলাধুলায় হারজিত থাকলেও প্রতিশ্রুতি রক্ষা করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language