পটুয়াখালী

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ পবিত্র ঈদুল আযহা

পটুয়াখালী, ২৭ মে – মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালী জেলার ৩৫টি গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে এসব এলাকার প্রায় ২৫ হাজার মানুষ একদিন আগেই ঈদ উদযাপন করে থাকেন।

ঈদ উপলক্ষে সকাল ৮টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সাল থেকে প্রায় এক শতাব্দী ধরে এসব এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের রীতি চলে আসছে।

শুধুমাত্র সদর উপজেলার বদরপুর গ্রামেই প্রায় ১০০টি পরিবার এই নিয়ম অনুসরণ করে ঈদ পালন করেন। যেসব গ্রামে বুধবার ঈদুল আযহা উদযাপিত হচ্ছে তার মধ্যে পটুয়াখালী সদরের বদরপুর ও ছোটবিঘাই অন্যতম।

এছাড়া গলাচিপা উপজেলার পশুরী বুনিয়া, সেনের হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি ও নিজ হাওলা এবং বাউফল উপজেলার রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, আমিরাবাদ ও কনকদিয়া গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।

কলাপাড়া উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুরসহ আরও বেশ কিছু গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ পালিত হচ্ছে। বদরপুর গ্রামের বাসিন্দা আবু রায়হান জানান যে ছোটবেলা থেকেই তারা সারা দেশে ঈদ উদযাপনের একদিন আগে ঈদ পালন করে আসছেন।

তারা এই নিয়মেই অভ্যস্ত এবং ঈদের নামাজ আদায় থেকে শুরু করে কোরবানি পর্যন্ত সকল আনুষ্ঠানিকতা আজই সম্পন্ন করবেন। বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি বলেন, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত হয়ে তারা ধর্মীয় নির্দেশনা অনুযায়ী ঈদ পালন করেন। ঈদের জামাত অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এস এম/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language