ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে: শিল্পমন্ত্রী

সিলেট, ২৮ ফেব্রুয়ারি – আসন্ন ঈদের আগেই দেশের শিল্প-কারখানার শ্রমিকদের যাবতীয় বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করার ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিল্পমন্ত্রী উল্লেখ করেন যে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সচেষ্ট রয়েছে। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তুতি নিতে চিঠি পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরণের চুক্তির উদ্যোগ গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান যে বিদেশে বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করছে।
আগামী এক মাসের মধ্যেই এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া স্পেনে গমনেচ্ছু বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত জটিলতা নিরসনেও সরকার তৎপর রয়েছে। অন্যদিকে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান যে আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধের কাজ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই প্রকল্পে কোনো ধরণের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মতবিনিময় শেষে পানিসম্পদ মন্ত্রী নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করেন।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









