নারায়নগঞ্জ

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা, যাত্রী ভোগান্তি বরদাশত নয়: মন্ত্রী

নারায়ণগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি – সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্টভাবে জানিয়েছেন যে আসন্ন ঈদে পরিবহন সেক্টরে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। যারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার ২৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ টার্মিনাল এবং নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য টার্মিনাল ভবন ও ড্রেজার বেইড প্রকল্পগুলোও তিনি ঘুরে দেখেন। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদযাত্রা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। যেসব স্থানে যানজট বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে, সেখানে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিশ্চিত করেন যে ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করবে যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।

শীতলক্ষ্যা নদীর দূষণ রোধ প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করা হবে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে লাইটার জাহাজে পণ্য আটকে রাখার বিষয়েও তিনি কঠোর হুঁশিয়ারি দেন। পরিদর্শনকালে একটি লাইটার জাহাজে খালাস না করা গমের সন্ধান পাওয়া যায়। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language