সরকারি খরচে সাড়ে ৪ লাখের বেশি মামলায় আইনি সহায়তা প্রদান

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – জাতীয় আইনগত সহায়তা সংস্থা বা লিগ্যাল এইড-এর মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে দেওয়া আইনি সহায়তার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচ্য সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৫৫টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৪৬ হাজার ৫৮৪টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৫৪৯টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









