সিরাজগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদণ্ড, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি বা টপসয়েল কেটে বিক্রি করার অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় মাটি পরিবহনে ব্যবহৃত সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার সারারাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক।
এছাড়া তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলামকেও একই অপরাধে দণ্ড দেওয়া হয়েছে।
এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









