পুনরায় রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব সরওয়ার আলম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পুনরায় নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব মো. সরওয়ার আলম।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
এর আগেও তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব পদে কর্মরত ছিলেন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে তিনি পুনরায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তাকে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









