জাতীয়

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে যেভাবে বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে কার্যকর হয়েছে দেশের নতুন আইনসভা। আগামী ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। তবে বিগত সংসদের স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এই প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে সাংবিধানিক ও আইনি আলোচনার সৃষ্টি হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর বিএনপি জোট তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের পক্ষ থেকে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে আগামী ১২ মার্চ অধিবেশন শুরু হবে এবং সেখানেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সাধারণত পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন।

কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দুজনেই অনুপস্থিত থাকায় সংসদ বিষয়ক গবেষকরা বলছেন যে রাষ্ট্রপতি মনোনীত কোনো জ্যেষ্ঠ সদস্য অধিবেশন পরিচালনা করবেন। সংবিধানের ৭৪ অনুচ্ছেদ এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতি একজনকে মনোনয়ন দেবেন এবং তার সভাপতিত্বেই নতুন স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত স্পিকারের পরিচালনায় ডেপুটি স্পিকার নির্বাচন ও পরবর্তী কার্যক্রম চলবে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টিও আলোচনায় রয়েছে।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language