রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাদারীপুরে এমপির বাজার মনিটরিং

মাদারীপুর, ২৪ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরাসরি বাজার মনিটরিং করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জাহানদার আলী জাহান। মঙ্গলবার সকালে তিনি মাদারীপুর পৌর শহরের ইটেরপুল বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি কাঁচাবাজার ও মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন।
এ সময় তিনি ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতির খোঁজ নেন। বাজার পরিদর্শন শেষে এমপি জাহানদার আলী জাহান বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতি লক্ষ্য করেন এবং দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন।
প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে। রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়াসহ র্যাব ও পুলিশ সদস্যরা। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









