আইন-আদালত

প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: নতুন চিফ প্রসিকিউটর

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম স্পষ্ট বার্তা দিয়েছেন যে, প্রকৃত অপরাধীদের তাদের প্রাপ্য সাজার মুখোমুখি হতে হবে।

সোমবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

দায়িত্ব গ্রহণ করার পর আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের কার্যক্রম তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। তিনি বিচারপ্রক্রিয়া নিয়ে একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরে বলেন, যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন, প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের কোনো প্রকার হয়রানি করা হবে না। তবে যারা প্রকৃত দোষী, তাদের ছাড় দেওয়া হবে না।

চিফ প্রসিকিউটর এই দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রত্যাশা অনুযায়ী নিজের কর্তব্য পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। দক্ষতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে মামলাগুলো পরিচালনার আশ্বাস দিয়ে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আমিনুল ইসলাম আরও জানান, কোনো প্রকার ব্যক্তিগত বিদ্বেষ বা আক্রোশ থেকে নয়, বরং সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচারকাজ সম্পন্ন হবে। বিচারের গতি স্লথ হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের কাজে গতি আনা, তাই প্রসিকিউশনের কার্যক্রমও আরও ত্বরান্বিত হবে।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language