আইন-আদালত

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় নির্বাচনের সম্ভাবনা: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম, ৩০ জুন – চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন উচ্চ আদালতের রায়ের ফলে এই আসনের ভোটাররা নতুন করে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ করে রায় প্রদানের পর এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ঋণখেলাপির দায়ে অভিযুক্ত হওয়ায় আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালতের এই নির্দেশনার ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই।

সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ উঠলে নির্বাচন কমিশন শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিল। পরবর্তীতে কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করা হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখার আদেশ দেন।

তবে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী ঋণখেলাপির অভিযোগ তুলে লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ জামায়াত প্রার্থীর সেই আবেদন মঞ্জুর করে এক আদেশে জানিয়েছিল যে যদি নির্বাচনে আসলাম চৌধুরী জয়ীও হন তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল স্থগিত থাকবে।

চূড়ান্ত শুনানিতে আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষিত হওয়ায় এখন আসনটি শূন্য ঘোষণা করে পুনরায় নির্বাচনের পথ সুগম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language