জাতীয়

লঘুচাপের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী কয়েক দিন দেশজুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং দিন ও রাতের তাপমাত্রায় কিছুটা ওঠানামা লক্ষ্য করা যেতে পারে।

সোমবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language