রাজবাড়ী

রাজবাড়ীতে হাটের আধিপত্য ও টাকা আদায় নিয়ে সংঘর্ষে আহত ৫

রাজবাড়ী, ১৯ ফেব্রুয়ারি – রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর হাটে আধিপত্য বিস্তার ও খাজনা আদায়ের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এই সহিংসতার ঘটনা ঘটে। আহতরা হলেন জিলাল বিশ্বাস, শোভন বিশ্বাস, আব্দুর রহিম, জিন্নাহ ও সেলিম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোনাপুর হাটের খাজনা আদায়ের টাকা আব্দুর রহিম প্রতিপক্ষ শোভনের কাছে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে সোনাপুর পশ্চিম পাড়ার আব্দুর রহিম গ্রুপের সঙ্গে একই গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস এবং গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাস গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। শুরুতে জিলাল বিশ্বাসের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হলে রহিম, জিন্নাহ ও সেলিম আহত হন। পরবর্তী সময়ে রহিম গ্রুপের পাল্টা হামলায় জিলাল বিশ্বাস ও তার ভাতিজা শোভন জখম হন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language