জার্মানিতে প্রাচীন কবরস্থানের নিচে মিলল মধ্যযুগের গোপন সুড়ঙ্গ

বার্লিন, ১৮ ফেব্রুয়ারি – জার্মানির রাইনস্টাডট এলাকায় একটি বহু প্রাচীন কবরস্থানের নিচে মধ্যযুগের গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। স্যাক্সনি-আনহাল্টের স্টেট অফিস ফর হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিওলজি সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রত্নতাত্ত্বিকরা জানান, রাইনস্টাডটের কাছে মধ্য নব্যপ্রস্তর যুগের একটি কবরস্থানে খননকাজ চালানোর সময় এই চাঞ্চল্যকর আবিষ্কার হয়। ওই স্থানে বায়ু বিদ্যুৎ টারবাইন স্থাপনের প্রস্তুতির অংশ হিসেবে গত বছরের শেষ দিকে খনন শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এই কবরস্থানটি খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দের, যা প্রায় ছয় হাজার বছর আগে বালবার্গ সংস্কৃতির মানুষ ব্যবহার করত।
খনন চলাকালে সেখানে একটি পাথরের স্ল্যাব পাওয়া যায়, যা প্রথমে কবরের অংশ মনে করা হলেও বিস্তারিত পরীক্ষায় সেটি সুড়ঙ্গের প্রবেশপথ হিসেবে চিহ্নিত হয়। মাটির নিচে তৈরি এই সুড়ঙ্গটিকে বলা হয় এরডস্টাল বা মধ্যযুগের সরু গোপন সুড়ঙ্গ ব্যবস্থা। এটি মূল কবরস্থান তৈরির প্রায় পাঁচ হাজার বছর পর নির্মিত হয়েছিল এবং শক্ত সিল্টজাতীয় লোস মাটিতে এটি খনন করা হয়।
গবেষকদের ধারণা, মধ্যযুগের শেষ দিকে সুড়ঙ্গটি তৈরি করা হয়, তবে এর সঠিক উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিপদের সময় আত্মরক্ষার জন্য এটি লুকানোর জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। এছাড়া ওই স্থানে নব্যপ্রস্তর পরবর্তী যুগের কয়েকটি ক্ষতিগ্রস্ত কবর ও একটি ট্র্যাপিজয়েড আকৃতির গর্তও পাওয়া গেছে। একই ভূমি হাজার বছর ধরে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন মানুষ ব্যবহার করেছে, এই আবিষ্কার তারই প্রমাণ বহন করে।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









