কলকাতায় ভিসার মেয়াদ শেষেও অবস্থান, আ.লীগ কর্মী ও গায়কসহ ৬ জন গ্রেপ্তার

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি – আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ভারতে অবস্থানের অপরাধে তাদের আটক করা হয়।
জানা গেছে আটককৃতরা প্রত্যেকেই আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতাকর্মী এবং তাদের মধ্যে একজন সঙ্গীতশিল্পীও রয়েছেন।
গত রোববার কলকাতার কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
কলকাতা পুলিশের বরাতে জানা গেছে ধৃতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা মূলত বাংলাদেশের নোয়াখালী ও টাঙ্গাইলের বাসিন্দা। পুলিশ তাদের কাছ থেকে ছয়টি বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। এদের মধ্যে আজম মোল্লা একজন গায়ক এবং গ্রেপ্তারের সময় তিনি নিজের গিটারটি হাতছাড়া করতে চাননি। তিনি পুলিশকে গান গাওয়ার অনুরোধও জানিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেলে এই ছয়জন বিদেশি অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে তাদের সবার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে তারা দেশে ফিরতে চাননি এবং কলকাতা থেকে অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
সোমবার তাদের ব্যাংকশাল আদালতে তোলা হলে বিচারক ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সাজার মেয়াদ শেষে তাদের আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









