পশ্চিমবঙ্গ

অত্যাচার করবেন না, এটি একদিন ফিরে আসতে পারে: বিজেপি সরকারকে মমতার হুঁশিয়ারি

কলকাতা, ৫ জুলাই – পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ তুলে নতুন বিজেপি সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি সরকারকে সতর্ক করে বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার করবেন না কারণ প্রতিটি কাজেরই প্রতিক্রিয়া থাকে। তিনি মনে করিয়ে দেন যে, অন্যায় আচরণের ফল ভবিষ্যতে ভোগ করতে হতে পারে।

শনিবার এক ফেসবুক লাইভে এসে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রথমবারের মতো শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

গত ৪ মে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর এই প্রথম মমতা ব্যানার্জী তাকে অভিনন্দন জানালেন।

লাইভে সরাসরি নাম উল্লেখ না করলেও মমতা বলেন যে, যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন তার প্রতি অনেক শুভেচ্ছা থাকবে। মমতা ব্যানার্জী আরও উল্লেখ করেন যে, শুভেন্দু অধিকারী দীর্ঘ ১০ থেকে ১১ বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে কাজ করেছেন। তিনি পরিবহন ও সেচ দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক জেলার সাংগঠনিক কাজ পরিচালনা করেছেন। হলদিয়া ও দিঘা উন্নয়ন পর্ষদসহ বিভিন্ন প্রশাসনিক কাজে সরকারের পূর্ণ সহযোগিতা তিনি পেয়েছিলেন বলেও জানান সাবেক মুখ্যমন্ত্রী।

নির্বাচনে বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসেছে দাবি করে মমতা বলেন, একটি নতুন সরকার যেভাবেই হোক এসেছে। তারা কাজ করুক। কিন্তু কাজের পরিবর্তে তারা এখন সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়া এবং রাজনৈতিক সন্ত্রাস শুরু করেছে।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন যে, তৃণমূলের ওপর যত বেশি অত্যাচার হবে দল হিসেবে তারা তত বেশি শক্তিশালী হয়ে উঠবে।

এনএন/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language