জাতীয়

স্বাস্থ্যখাতে ১ লাখ জনবল নিয়োগের উদ্যোগ নিল সরকার

ঢাকা, ২২ আগস্ট – দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে জনবল সংকট নিরসনে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় ধরণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে যে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।

অধিদপ্তরের আওতাধীন সব পরিচালক, সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে যে নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করতে হবে।

যেসব প্রতিষ্ঠানে আগে বিজ্ঞপ্তি দিলেও নিয়োগ সম্পন্ন করা যায়নি সেগুলোতে নতুন করে ছাড়পত্র নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। এছাড়া আইনি বা প্রশাসনিক জটিলতা থাকলে তা দ্রুত নিরসনের তাগিদ দেওয়া হয়েছে। এই নিয়োগ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ছকে প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

এস এম/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language