সুন্দরবনে ফাঁদ থেকে উদ্ধার হওয়া বাঘিনী ৪২ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে

সুন্দরবন, ১৫ ফেব্রুয়ারি – সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘিনীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। টানা ৪২ দিনের নিবিড় চিকিৎসায় বাঘিনীটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তার আচরণে আগের ক্ষিপ্রতাও ফিরে এসেছে।
বর্তমানে বাঘিনীটিকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানিয়েছেন, বাঘিনীটি আগের তুলনায় অনেকটা ভালো আছে এবং নিয়মিত গর্জন করছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বনে অবমুক্ত করা হবে না। তিনি উল্লেখ করেন, আংশিক সুস্থ অবস্থায় ছেড়ে দিলে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা থাকে।
তাই সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বাঘিনীর পায়ের ক্ষত শুকাতে শুরু করেছে এবং চলাফেরায় স্বাভাবিকতা ফিরে আসছে। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন সাজ্জাদ মো. জুলকারনাইনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, উদ্ধারের সময় বাঘিনীর বাম পায়ে রক্ত চলাচল স্বাভাবিক ছিল না, যার ফলে নার্ভ ও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দিয়েছিল, যার প্রভাবে ফুসফুসের কার্যকারিতাও কিছুটা ব্যাহত হচ্ছিল। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিকেলে সুন্দরবনের জয়মনির শরকির খাল সংলগ্ন এলাকায় হরিণ ধরার ফাঁদে বাঘটি আটকা পড়ে। পরদিন ঢাকা থেকে বিশেষজ্ঞ দল গিয়ে বাঘটিকে অচেতন করে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য খুলনার রেসকিউ সেন্টারে নিয়ে আসে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









