আইন-আদালত

রামপুরায় হত্যা ও গুলিবর্ষণের মামলা: ট্রাইব্যুনালের রায় ৪ মার্চ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

এই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ ফেব্রুয়ারি এ মামলার প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায়ের দিন ধার্য করার জন্য রবিবার দিন ঠিক ছিল। এরই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ৪ মার্চ মামলার রায় ঘোষণার তারিখ চূড়ান্ত করেন।

মামলার পাঁচ আসামির মধ্যে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। রবিবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চঞ্চলের আইনজীবী এরশাদুল হক বাবু জানান, তারা যুক্তিতর্কে সব তথ্য-উপাত্ত তুলে ধরে মক্কেলের খালাস প্রার্থনা করেছেন এবং তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

মামলার অন্য আসামিরা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক চারজনের পক্ষে শুনানি করেছেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন।

এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তি উপস্থাপন সম্পন্ন করে প্রসিকিউশন পক্ষ দাবি করে যে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দিসহ নথিপত্রে আসামিদের সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী ও মেরাদিয়া এলাকায় পুলিশি অভিযানের সময় আমির হোসেন নামের এক তরুণ একটি ভবনের কার্নিশে ঝুলে থাকার পরও তার ওপর গুলি ছোড়া হয়। একই দিন ওই এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম শহীদ হন।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language