উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন পরবর্তী সময়ে এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। নির্বাচনের পর শুক্রবার ভোরে পূর্বশত্রুতার জেরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালান। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং ক্যাশ বাস্কে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম জানান, এই ঘটনায় ভুক্তভোগী যুবদল নেতা আব্দুল লতিফ বাদী হয়ে ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









