নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী পুরস্কার প্রদান

নেত্রকোনা, ১৪ ফেব্রুয়ারি – নেত্রকোনায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার পহেলা ফাল্গুন উপলক্ষে শহরের মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়।
শহরের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সাহিত্য সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ বছর সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার এবং গবেষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর বকুলতলা চত্বর কবি ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
বিকেলে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উৎসব চলাকালে অন্যস্বর নামের একটি দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়। নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণির একদল শিক্ষার্থীর সম্পাদনায় প্রকাশিত দেয়াল পত্রিকাটির উদ্বোধন করেন সাংবাদিক আলপনা বেগম ও বুয়েটের শিক্ষার্থী রুফাইদা ফাতেমা। কবি এনামূল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহসহ জেলার দুর্গাপুর এবং কেন্দুয়া থেকে আগত কবিরা কবিতা আবৃত্তি করেন।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









