নেত্রকোনা

কেন্দুয়ায় ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন শূন্য, চরম ভোগান্তিতে চালকরা

নেত্রকোনা, ২৩ মার্চ – নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে হঠাৎ পেট্রল ও অকটেন সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। সোমবার বিকেলে উপজেলার একমাত্র হিমালয় ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

নেত্রকোনা থেকে কিশোরগঞ্জগামী মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান জানান, আসার পথে তিনি কেন্দুয়াসহ কোনো পাম্পেই তেল পাননি। বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় মাঝপথে আটকে পড়েছেন তিনি। সাংবাদিক রাখাল বিশ্বাস জানান, বিকেল ৪টার দিকে হিমালয় ফিলিং স্টেশনে গিয়ে তিনি সেটি বন্ধ দেখতে পান।

মোটরসাইকেল চালকদের বড় ধরনের ভোগান্তিতে পড়ার কথাও উল্লেখ করেন তিনি। এদিকে অন্যান্য পিকআপ ও ট্রাকচালকদের দাবি, এটি পাম্প মালিকদের একটি পরিকল্পিত সিন্ডিকেটের ফলাফল। তামিম মিয়া নামে এক চালক জানান, সরকারের পক্ষ থেকে তেলের কোনো সংকট নেই বলা হলেও পাম্পে এলে তেল পাওয়া যাচ্ছে না।

একসঙ্গে সব পাম্পে তেল ফুরিয়ে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক উল্লেখ করে তিনি প্রশাসনের নজরদারি দাবি করেন। জ্বালানি সংকটের বিষয়ে হিমালয় ফিলিং স্টেশনের পরিচালক মিজানুর রহমান বলেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রতিদিনের চাহিদার অর্ধেকের চেয়েও কম পেট্রল পাওয়ার কথা জানান তিনি। সরবরাহ কম থাকায় গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। দ্রুত এই সংকট নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language