ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি

ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি – ঝিনাইদহে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের বিশেষ করে নারী ও তরুণদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের ব্যাপক উপস্থিতি।
শহরের ৩১ নম্বর প্রবাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাফরান কবির জানান যে কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৮০ জন এবং এর মধ্যে নারী ভোটারের সংখ্যাই ৩ হাজার ১৭০ জন। ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই সেখানে প্রায় ১ হাজার ৪০০ ভোট পড়েছে। এ ছাড়া শহরের সিটি কলেজ, কেশব চন্দ্র মহাবিদ্যালয়, আব্দুর রকিব মাধ্যমিক বিদ্যালয় ও উজির আলী ভোটকেন্দ্রেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রতিটি ভোটকক্ষে বিএনপি ও জামায়াতের পোলিং এজেন্ট দেখা গেলেও অন্য প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি ছিল না।
সকাল সাড়ে ৭টায় কেশব চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









