সুষ্ঠু নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে, জয়ের ব্যাপারে আশাবাদী জাহাঙ্গীর

ঢাকা-১৮ আসন, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বহু প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন। তিনি প্রত্যাশা করেন, জনগণের রায়ে তিনি নির্বাচিত হবেন এবং অন্য প্রার্থীদের তিনি বন্ধু হিসেবেই বিবেচনা করছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি আশা করছেন। তবে কোনো গোষ্ঠী যদি মনে করে তারা হেরে যাবে, তারা হয়তো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে বা ভোটে কালিমা লেপন করতে চাইতে পারে। কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বিএনপির এই প্রার্থী বলেন, তিনি আশা করেন ভোটের সঙ্গে জড়িত সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন এবং জনগণ যে কাঙ্ক্ষিত ভোটের অপেক্ষা করছে, তার প্রতিফলন ঘটবে। সন্ধ্যার পর ফলাফলের মাধ্যমে সেই চিত্র ফুটে উঠবে। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে। দীর্ঘদিনের বঞ্চনা ও গঞ্জনার অবসান ঘটিয়ে মানুষ একটি নির্বাচিত সরকার পাবে, যা হবে মানবিক ও জনবান্ধব সরকার। কেন্দ্রের পরিবেশ সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত তিনি যে পরিবেশ দেখেছেন তা সন্তোষজনক এবং তিনি নিজে সুষ্ঠুভাবেই ভোট দিতে পেরেছেন।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









