এনআইডি জটিলতায় বেতন বন্ধ: কুতুবদিয়ায় শিক্ষিকার ছেলের আত্মহত্যার চেষ্টা

কক্সবাজার, ২৮ জুন – কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের জটিলতায় দীর্ঘ দুই বছর ধরে বেতন পাচ্ছেন না এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দীর্ঘদিনের এই আর্থিক অনটন ও মানসিক চাপের জেরে ওই শিক্ষিকার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে আত্মহত্যার চেষ্টা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কানিজ তানিয়া সোলতানা ২০১৮ সালে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার পরিচয়পত্র সংশোধিত হয়নি।
এই জটিলতার কারণেই গত দুই বছর ধরে তার সরকারি বেতন বন্ধ রয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান নিয়মিত বেতন না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে ভুগছেন। সংসারের দৈনন্দিন খরচ মেটানো ও সন্তানের লেখাপড়ার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
গত রবিবার বিদ্যালয় থেকে ফিরে শিক্ষিকা কানিজ তানিয়া সোলতানা তার ছেলে নুমিমের কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে নুমিমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শিক্ষিকা কানিজ তানিয়া সোলতানা জানান দীর্ঘ ছয় বছর ধরে তিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি। বেতন বন্ধ থাকায় তাকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান এবং প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম জানান বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। বর্তমানে আবেদনটি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে তদন্তাধীন রয়েছে।
তবে তদন্ত প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। স্থানীয়রা এই দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এস এম/ ২৮ জুন ২০২৬









