মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঋণখেলাপির দায়ে কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা আগে থেকেই বাতিল হয়েছিল। এবার বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে। প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠনের বিরুদ্ধে বক্তব্য ও কার্যকলাপের কারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি বিএনপি ক্ষমতায় থাকে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের কাউকেই ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে সবকিছু ধ্বংস করে দেব।
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









