এশিয়া

থাইল্যান্ডের নির্বাচনে আনুতিনের দলের বড় জয়, তবে প্রয়োজন জোট সরকার

থাইল্যান্ড, ৯ ফেব্রুয়ারি – কম্বোডিয়া সীমান্তে সংঘাত ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন জোট বড় ব্যবধানে বিজয় অর্জন করেছে বলে নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন। রবিবার জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আনুতিনের রাজনৈতিক দল ‘ভূমিজাই থাই পার্টি’ সর্বোচ্চ ১৯৬টি আসনে জয়লাভ করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১৬টি আসনে এবং রক্ষণশীল পিউ থাই পার্টিসহ অন্যান্য দল বাকি ১৮০টি আসনে জয় পেয়েছে। থাইল্যান্ডের পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৪৯২টি এবং সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের প্রয়োজন অন্তত ২৪৬টি আসন। যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই সরকার গঠনের জন্য এখন জোট করাই একমাত্র পথ। তবে সর্বাধিক আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী আনুতিনই প্রধানমন্ত্রীর পদের প্রধান দাবিদার। ৫৮ বছর বয়সী আনুতিন ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে নৈতিকতা লঙ্ঘনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে সাংবিধানিক আদালত অযোগ্য ঘোষণা করলে তিনি ক্ষমতা হারান। উল্লেখ্য, পায়েতংতার্ন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে এবং দেশের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। গত দুই বছরে থাইল্যান্ডে তিনজন প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছেন এবং গত ডিসেম্বরে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। এমন চড়াই-উতরাইয়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে আনুতিন চার্নভিরাকুল নিজের অবস্থান সুসংহত করলেন।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language