ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার ৪টি সহজ উপায় জানাল নির্বাচন কমিশন

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এসব প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্র এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এই তথ্য জানা সম্ভব।
এর জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপের ড্যাশবোর্ড থেকে নির্দিষ্ট নির্বাচন অপশন বাছাই করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ মেনুতে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং কেন্দ্রের নাম ও ঠিকানা দৃশ্যমান হবে। প্রযুক্তিতে দক্ষ না হলে হটলাইন নম্বরের মাধ্যমেও তথ্য জানার সুযোগ রাখা হয়েছে। যে কোনো ভোটার ১০৫ নম্বরে কল করে অপারেটরের সহায়তায় কাঙ্ক্ষিত তথ্য জানতে পারবেন। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই টেলিফোন সেবা সচল থাকবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় নির্বাচন কমিশন ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানিয়ে দেবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট ecs.gov.bd থেকেও তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে প্রবেশ করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে সরাসরি ভোটকেন্দ্রের অবস্থান ও দূরত্ব দেখার বিশেষ সুবিধাও যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, এসব ডিজিটাল সেবা চালুর ফলে ভোটারদের কেন্দ্র খুঁজে পেতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









