যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি ও অবৈধ সম্পদের মামলা: সাবেক এমপি গোলাপকে গ্রেপ্তার দেখাল আদালত

যুক্তরাষ্ট্র, ৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রে নয়টি ফ্ল্যাট ও বাড়ি কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ রবিবার এ আদেশ প্রদান করেন।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে আসামি গোলাপকে আদালতে হাজির করা হয় এবং শুনানিকালে আসামিপক্ষে তার আইনজীবী শহিদুল ইসলাম এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানান। শুনানিতে আইনজীবী উল্লেখ করেন যে মামলাটি গত ১৯ মার্চ দায়ের করা হলেও এখন পর্যন্ত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। আইনজীবীর বক্তব্যের পর আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহারে অভিযোগ করা হয় যে আসামি মো. আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।
এছাড়া তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য যে ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। আবদুস সোবহান ২০১৮ সালের ডিসেম্বরে মাদারীপুর ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান তিনি এবং এর আগে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেন।
এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









