ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তারেক রহমানের

ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুসহ ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, বিগত সময়ে দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন তাই কেবল জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয় বরং দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশ পুনর্গঠনেও অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কৃষকরা সহজে ঋণ, সার ও কীটনাশক পাবেন। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া কৃষিঋণ সরকার পরিশোধ করবে।
উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চা ও অন্যান্য শিল্পকারখানা স্থাপন করা হবে। এছাড়া ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, হিমাগার, আইটি পার্ক, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি। স্বাস্থ্যখাতের উন্নয়নে হেলথ কেয়ারার নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত এক যুগে মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। ধর্ম ও বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, চব্বিশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









