পুলিশের মধ্যে ভীতি নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ

রাজশাহী, ৫ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বলে কিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো প্রার্থী যদি অশোভন আচরণ করে এবং তা সমাজে প্রকাশ পায়, তাহলে স্বাভাবিকভাবেই বিষয়টি চাপ সৃষ্টি করবে। বেশি কিছু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন—বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সভায় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









