জাতীয়

হাতিয়ায় এনসিপি প্রার্থী হান্নান মাসউদের সভায় হামলা, আহত ২

নোয়াখালী, ১ ফেব্রুয়ারি – নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এই ঘটনা ঘটে। এতে এনসিপির দুইজন কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উপজেলা এনসিপির সভাপতি শামছুল তিব্রিজ জানান, শুক্রবার তালতলা বাজারে হান্নান মাসউদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি সেই কার্যালয় পরিদর্শনে আসেন এবং কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই হামলায় দলের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এই ঘটনার বিষয়ে হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করিয়েছেন। শনিবারের হামলাও সেই ষড়যন্ত্রের অংশ বলে তিনি দাবি করেন। তিনি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এবং এর মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের তিনটি দল মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে অন্ধকার কোনো স্থান থেকে একটি ইট নিক্ষেপ করা হয়েছিল। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।

এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language