ব্যবসা

দেশের বাজারে বাড়ল সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ছাড়ালো

ঢাকা, ২৫ জানুয়ারি – ফের দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৫৭৫ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ভালো মানের সোনার দাম এখন দুই লাখ ৫৭ হাজার টাকা ছাড়িয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে দামও বেড়েছে।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, রোববার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৯৮৮ ডলার ছাড়িয়েছে।

নতুন দামের ভিত্তিতে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি দুই লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি দুই লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

সোনার সঙ্গে রুপার দামেরও বৃদ্ধি হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭,২৩২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৬,৯৪০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৫,৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪,৪৩২ টাকা।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language