জাতীয়

সিলেট থেকে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

সিলেট, ২২ জানুয়ারি – ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে তার শ্বশুরবাড়ি থেকে তিনি এই নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

প্রচার শুরুর সময় তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়া যাচ্ছে। তিনি বলেন, এখন আমাদের লক্ষ্য হলো ধানের শীষকে জয়যুক্ত করা।

তিনি আরও বলেন, অনেক দিন ও অনেক বছর পর তিনি এবং এ এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান বাড়িতে এসেছেন। তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, আজ যখন আপনাদের মেয়ে এখানে এসেছে, তখন তার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এই এলাকায় ধানের শীষ জয়যুক্ত হবে।

এ সময় তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান, বিরাইমপুর, দক্ষিণ সুরমাসহ এই এলাকা থেকে তারা ধানের শীষ প্রতীককে জয়ী করতে পারবেন কি না। জবাবে উপস্থিত জনতা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language