কয়লা কেলেঙ্কারি মন্তব্যে মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটি রুপির মানহানি মামলা

কলকাতা, ১৭ জানুয়ারি – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দুকে জড়িয়ে মমতা ব্যানার্জীর করা অভিযোগের প্রেক্ষিতেই এই মামলা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে এ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি রুপি পেলে সেই অর্থ জনকল্যাণমূলক সেবায় দান করা হবে।
মামলার অনুলিপি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করে শুভেন্দু লেখেন, “মমতা ব্যানার্জী, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি মানুষকে বিভ্রান্ত করেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততা নিয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে পাঠানো মানহানির নোটিশে আপনার প্রতারণামূলক নীরবতা আপনাকে রক্ষা করতে পারবে না।”
তিনি আরও লেখেন, “আপনার প্রতারণামূলক অপকর্মের জন্য আপনাকে আদালতে টেনে আনার কথা বলেছিলাম, আজ সেটাই করলাম। দয়া করে দ্রুত অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন, নইলে আপনাকে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে, যা আমি দাতব্য প্রতিষ্ঠানে দান করবো।”
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কলকাতায় এক সভায় মমতা ব্যানার্জী কয়লা কেলেঙ্কারি নিয়ে মন্তব্য করে বলেন, কয়লার টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যায় এবং এর মধ্যস্থতায় শুভেন্দু অধিকারীসহ কয়েকজন বিজেপি নেতার নাম উল্লেখ করেন। ওই মন্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে শুভেন্দু প্রথমে আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠান। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগের পক্ষে প্রামাণ্য নথি দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতে মানহানির মামলা করেন তিনি।
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬









