মধ্যপ্রাচ্য

বিক্ষোভে গ্রেপ্তার তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

তেহরান, ১৫ জানুয়ারি – ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সোলতানির পরিবার ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

২৬ বছর বয়সী এরফান সোলতানি (সোলায়মানি) পেশায় দোকান ব্যবসায়ী। রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাসকারী এই তরুণকে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারের পর মাত্র তিন দিনের বিচার প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আদালতের ওই বিচারে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু উপস্থিত থাকতে পারেননি। এমনকি তার বোন—যিনি একজন নিবন্ধিত আইনজীবী—তাকেও আদালতে থাকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল।

সোলতানির আত্মীয় সোমায়েহ সিএনএনকে বলেন, “আমরা জানতে পেরেছি যে তার দণ্ড কার্যকর হয়নি। তবে এখনো দণ্ড পুরোপুরি বাতিল হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাইনি।”

পরে মানবাধিকার সংস্থা হেনগাও জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে একই দিনে ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং আটক বা গ্রেপ্তারদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও আপাতত স্থগিত রেখেছে—এমন তথ্য তারা নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছেন।

ট্রাম্পের ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের খবর প্রকাশ্যে আসে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language