মধ্যপ্রাচ্য

ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের ফাঁসি আজ কার্যকর হওয়ার আশঙ্কা

তেহরান, ১৪ জানুয়ারি – ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি আজ বুধবার কার্যকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২৬ বছর বয়সী এরফানের বিষয়ে এ তথ্য জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। খবর দ্য গার্ডিয়ানের।

সংস্থাটির তথ্যমতে, গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে এরফান সোলতানিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার বিচার সম্পন্ন করে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।

তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারাজ থেকে এরফানকে আটক করা হয়। সে সময় শহরটিতে বিক্ষোভ চরমে পৌঁছালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গত সপ্তাহে দেশজুড়ে হাজারো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়, এরফান তাদেরই একজন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

এরফানের সম্ভাব্য ফাঁসির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভিন্নমত দমনের উদ্দেশ্যে ইরানি কর্তৃপক্ষ আবারও দ্রুত বিচার ও নির্বিচারে ফাঁসি কার্যকর করতে পারে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, সংশ্লিষ্ট সূত্রের বরাতে ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে ফাঁসির সাজার বিষয়টি অবহিত করেন। চলমান বিক্ষোভ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language