ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত ‘চালক’

ময়মনসিংহ, ১১ নভেম্বর – ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাস চালক জুলহাস মিয়া নামে একজন পুড়ে অঙ্গার হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।

ওসি মো. রুকনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। তিনি বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language