
টরন্টো এখন যেন এক রিয়েলটরের রাজ্য। কথিত আছে, এই শহরে দুই হাজারেরও বেশি বাংলাদেশি রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েলটর রয়েছেন—তাঁদের নাম আর ছবি এখন কমিউনিটির নিত্যদিনের চেনামুখ। টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে একটু হাঁটলেই দেখা মিলবে ৮/১০ জন রিয়লেটরের সাথে।
কোনো রেস্টুরেন্টে ঢুকলে হয়তো দেখবেন পাশের টেবিলে বসে আছেন দু’জন রিয়েলটর, কাউন্টারে আরেকজন; মসজিদ কিংবা মন্দিরে গিয়েও আপনি নিরাশ হবেন না—ডজনখানেক রিয়েলটর হয়তো ইতোমধ্যে আপনাকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে—‘প্রাইম স্পন্সর’, ‘প্লাটিনাম স্পন্সর’, ‘গোল্ড স্পন্সর’—সব লোগোতেই দেখবেন রিয়েলটরের ছড়াছড়ি। গায়ে দামী ব্র্যান্ডের সুগন্ধি, চোখে কালো রিমলেস চশমা, মুখে সদা হাসি আর কথায় ভরসা গড়ার কৌশল—এই প্রতিটি বৈশিষ্ট্য যেন একজন রিয়েলটরের প্রতীক।
রিয়েলটররা আজ কেবল বাড়ি কেনা-বেচার মধ্যস্থতাকারী নন—তাঁরা কখনো মসজিদের সক্রিয় দাতা, কখনো স্পোর্টস টুর্নামেন্টের পৃষ্ঠপোষক। তাঁরা অনুষ্ঠানের সামনে, মাঝখানে, শেষে—সর্বত্র দৃশ্যমান। নানান সামাজিক সংগঠনের ডিনার, চ্যারিটি গালা কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি দিন দিন প্রভাবশালী হয়ে উঠেছে। কমিউনিটির বহু কর্মসূচি তাঁদের স্পন্সরশিপ ছাড়া বাস্তবায়নই সম্ভব নয় বলেই মনে করেন অনেকেই। রিয়েলটরদের এই বহুমাত্রিক সম্পৃক্ততা একদিকে যেমন গড়ে তুলেছে এক ‘আস্থার বলয়’, অন্যদিকে তেমনি কখনো কখনো তৈরি করেছে এক ‘সন্দেহের ছায়া’।
কতিপয় রিয়েলটরের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে—কমিউনিটিতে তাঁরা আলোচিত, সমালোচিত, এবং এক অর্থে বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন। বিশেষত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যারা কানাডায় পালিয়ে এসেছেন—তাঁরা আজ কিছু রিয়েলটরের জন্য হয়ে উঠেছেন অতি-লাভজনক ভিআইপি ক্লায়েন্ট।
এই অর্থপাচারকারী ব্যক্তিরা কানাডায় এসে বিলাসবহুল বাড়ি, অভিজাত কন্ডো কিংবা রেস্টুরেন্ট বা গ্যাস স্টেশনের মতো ব্যবসা কিনছেন; আর এই পথে নেপথ্য সহায়ক হিসেবে কাজ করছেন এইসব চতুর রিয়েলটর, যারা আইন ও নীতিমালার সীমা ঠেলে দিয়ে এমনকি ফাঁকফোকর ব্যবহার করে কাগজপত্র প্রস্তুত করেন, লেনদেন নিশ্চিত করেন, আর সংশ্লিষ্ট সংস্থাগুলোর চোখ ফাঁকি দেওয়ার কৌশলও বাতলে দেন।
এই প্রক্রিয়ায় শুধু একটি অভিবাসী সমাজের নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয় না—কানাডার প্রপার্টি মার্কেট নিজেই পরিণত হয় আন্তর্জাতিক মানি লন্ডারিংয়ের এক নিরব করিডোরে। এসব রিয়েলটরকে বলা হয় “টাকা সাদা করার লোকাল এজেন্ট”—কিন্তু বাস্তবতা অনেক বেশি গম্ভীর ও বিপজ্জনক। কারণ এই ধরনের কার্যক্রম কেবল পেশাগত অসততার পরিচায়ক নয়, বরং গোটা সমাজের আস্থা ও সম্মানকেও প্রশ্নবিদ্ধ করে। ২০২২ সালে FATF (Financial Action Task Force) কানাডার রিয়েল এস্টেট খাতে মানি লন্ডারিংয়ের ঝুঁকি নিয়ে একটি সতর্কতা প্রকাশ করে।
সব রিয়েলটর এক নন। তাদের সকলের ভূমিকা, উদ্দেশ্য ও মানসিকতা একসূত্রে গাঁথা নয়। অনেকেই আন্তরিক, পেশাদার এবং কমিউনিটির উন্নয়নে আন্তরিকভাবে নিবেদিত। তাঁরা ক্লায়েন্টের পাশে দাঁড়ান, সঠিক পরামর্শ দেন, সততার সঙ্গে কাজ করেন। কিন্তু এদের মাঝেই আবার কিছু রিয়েলটর আছেন, যারা সহযোগিতা আর সামাজিক সম্পৃক্ততার আড়ালে আঁকেন কৌশলী নকশা।
অনেক রিয়েলটরের ইংরেজি ভাষায় পারদর্শিতা সীমিত। দেখতে-শুনতে, চলনে-বলনেও স্মার্ট নন। তবু তাঁরা রিয়েল এস্টেট জগতে একেকজন সফল “নেটওয়ার্কার” হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কারণ তাঁদের প্রকৃত দক্ষতা ভাষায় নয়—চতুরতায়। ক্লায়েন্টের দুর্বলতা বোঝার ক্ষমতা, আবেগে আঘাত হানার কৌশল, ও পরিস্থিতি মোতাবেক রূপ বদলানোর ক্ষমতা—এসবই তাঁদের মূল অস্ত্র। তারা জানেন কার সঙ্গে কতটা বিনয় দেখাতে হবে, কোথায় নিজের ধর্ম বা ভাষার পরিচয় সামনে আনতে হবে। এই কৌশলগত মনস্তত্ত্বই তাঁদের অনেক সত্যিকারের পেশাদার রিয়েলটরের চেয়েও বেশি “বিক্রয় সফল” করে তুলেছে।
এ ধরনের ব্যক্তিগণ ক্লায়েন্ট ধরার নামে যে স্পর্শকাতর আবহে ঢুকে পড়েন, সেখানে বিচারের চোখে সত্য-অসত্য, প্রতিশ্রুতি-প্রতারণা, আন্তরিকতা-চাতুর্য আলাদা করাটাই অনেকের জন্য কঠিন হয়ে ওঠে। আর এখানেই গড়ে ওঠে সেই অনুল্লেখ্য বিভাজন—যা কিছু ‘রিয়েলটর’কে করে তোলে সমাজের বটবৃক্ষ, আবার কিছু ‘রিয়েলটর’কে পরিণত করে ছায়াঘেরা সংশয়ের প্রতিচ্ছবিতে।
প্রথমত, অনেক নতুন অভিবাসী ইংরেজি ভাষার চুক্তি পড়ে ঠিকমত বোঝেন না। এই সুযোগে কিছু রিয়েলটর ‘নিজের ভাই’ সেজে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে লেখাপত্রে ভিন্ন শর্ত জুড়ে দেন। চুক্তির মূল অংশে যদি থাকে ‘as-is condition’, অর্থাৎ প্রপার্টিতে যদি কোনো সমস্যা থাকে, তা নিয়ে আর অভিযোগ করা যাবে না। কিন্তু ক্রেতাকে বলা হয়, “সবকিছু একদম ঠিক আছে।”
দ্বিতীয়ত, অতিরিক্ত দাম দেখিয়ে বাজার গরম করা। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে টরন্টো, ব্রাম্পটন ও মিসিসাগা অঞ্চলে বহু রিয়েলটর মিলে সিন্ডিকেট করে একই ধাঁচের প্রপার্টির দাম ২০–৩০% পর্যন্ত বাড়িয়ে তালিকাভুক্ত করেছেন। একসাথে একাধিক MLS ডেটাতে মিথ্যা সেল হিস্ট্রি আপলোড করে বাজারে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। অনেক সময় দেখা গেছে—একই এজেন্ট একদিকে বিক্রেতার জন্য সর্বোচ্চ দাম চাইছেন, আবার অন্যদিকে ক্রেতাকে বলছেন, “এটাই কম দামে পাচ্ছেন, সুযোগটা মিস করলে পাবেন না।” দ্বৈত ভূমিকা পালন করার এই ব্যবস্থা—যাকে বলে Dual Agency—কানাডার অনেক প্রদেশে নিষিদ্ধ বা সীমিত হলেও এখনো বাস্তবে প্রচলিত আছে।
তৃতীয়ত, প্রতারণার অন্যতম বড় ধরন হলো শ্যাডো ফ্লিপিং। অর্থাৎ একজন রিয়েলটর প্রাথমিক চুক্তি করার পর সেটা তৃতীয় পক্ষের কাছে গোপনে বেশি দামে বিক্রি করে দেন। এতে বিক্রেতা ও প্রথম ক্রেতা—দুজনই ঠকেন। ব্রাম্পটনে একজন রিয়েলটর $১.২ মিলিয়নে চুক্তি করে সেটি $১.৪ মিলিয়নে অন্য ক্রেতার কাছে বিক্রি করেন, জাল স্বাক্ষর দিয়ে। পরে ধরা পড়লে তার লাইসেন্স বাতিল হয় এবং $৭৫,০০০ জরিমানা করা হয়।
চতুর্থত, হিডেন ডিফেক্ট। কিছু রিয়েলটর প্রপার্টির গুরুতর সমস্যা যেমন—ছাদে পানি ঢোকা, বেসমেন্টে ফাঙ্গাস, বেআইনি ইউনিট ইত্যাদি ইচ্ছাকৃতভাবে গোপন করেন। স্কারবোরোর এক বাংলাদেশি রিয়েলটর ২০২০ সালে এমন একটি বাড়ি বিক্রি করেন যার বেসমেন্টে ছিল মারাত্মক পানি জমার সমস্যা। ক্রেতা পরে $৫০,০০০ খরচ করে মেরামত করেন এবং ক্ষতিপূরণের জন্য আদালতে গেলে রিয়েলটরকে দোষী সাব্যস্ত করা হয়।
পঞ্চমত, মিথ্যা অফার লেটার তৈরি। একাধিক কেসে দেখা গেছে, রিয়েলটর ক্রেতাকে বোঝাতে জাল অফার লেটার তৈরি করেছেন যেন ক্রেতা মনে করেন আরও কেউ ওই বাড়ি কিনতে চাইছে। এতে ক্রেতা চাপে পড়ে বেশি দাম দিতে বাধ্য হন। এমন একটি কেস ২০২১ সালে টরন্টোতে ঘটে, যেখানে এক বাংলাদেশি রিয়েলটরের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে RECO তার লাইসেন্স স্থগিত করে।
ষষ্ঠত, “আমাদের লোক” টোপ। এই আবেগের জায়গাটি সবচেয়ে বিপজ্জনক। কোনো রিয়েলটর যখন বলেন, “ভাই, আপনি তো আমাদের এলাকার লোক, আমি নিজের মতো দেখে দিচ্ছি”—তখন অনেক অভিবাসী আত্মীয়ের মতো বিশ্বাস করে বসেন। কিছু রিয়েলটর এই সুযোগে অতিরিক্ত কমিশন নেন, হিডেন চার্জ যোগ করেন। অনেক সময় দেখা যায়, ওই রিয়েলটরই আসলে সেই প্রপার্টির গোপন মালিক।
সপ্তমত, সামাজিক অনুষ্ঠানের আড়ালে শিকার। উল্লেখযোগ্য যে, কিছু রিয়েলটর ‘বাংলাদেশ ফেস্ট’, ‘নববর্ষ’, ‘ইফতার মাহফিল’ ‘পিকনিক’ ইত্যাদি অনুষ্ঠান স্পন্সর করে পরিচিতি তৈরি করেন। আয়োজকেরা অনেক সময় ঋণ শোধের জন্য তাদের ক্লায়েন্ট ধরতে সহযোগিতা করেন। একজন আয়োজক যখন বলেন, “ইনি আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, উনার মাধ্যমেই আমি বাড়ি কিনেছি”—তখন অনেকেই যাচাই না করেই সিদ্ধান্ত নেন।
অষ্টমত, ইনস্পেকশন বাধা। কিছু রিয়েলটর ক্রেতাকে নির্দিষ্ট একজন ‘বিশ্বস্ত’ হোম ইনস্পেক্টরের নাম দেন—যিনি আদতে তাঁদের ঘনিষ্ঠ এবং রিয়েলটরের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকেন। এমন ইন্সপেক্টররা প্রপার্টির গুরুতর ত্রুটি, ফাটল বা লুকোনো সমস্যাগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেন কিংবা ‘সামান্য’ আখ্যা দিয়ে রিপোর্ট তৈরি করেন। এই রকম “ম্যানিপুলেটেড ইনস্পেকশন” ভবিষ্যতে নতুন মালিকের জন্য হয়ে ওঠে বড় ধরণের আর্থিক ও মানসিক ক্ষতির কারণ।
এইসব অনিয়ম ও প্রতারণার জন্য অনেক রিয়েলটর ইতিমধ্যে শাস্তি পেয়েছেন। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে শুধুমাত্র অন্টারিওতে বাংলাদেশিসহ ৩৮ জন দক্ষিণ এশীয় রিয়েলটরের লাইসেন্স বাতিল হয়েছে; জরিমানার পরিমাণ $১.২ মিলিয়নের বেশি। এদের মধ্যে অন্তত ১৫ জন বাংলাদেশি, যাঁদের বিরুদ্ধে রয়েছে জালিয়াতি, কমিশন চুরি, তথ্য গোপন, দ্বৈত প্রতিনিধিত্ব ইত্যাদির অভিযোগ।
প্রতারিত হলে যা করতে হবে: প্রথমে সব কাগজপত্র, ইমেইল, মেসেজ, ছবি ও অডিও সংরক্ষণ করতে হবে। কানাডায় এক পক্ষের সম্মতিতে রেকর্ডিং বৈধ, তাই রিয়েলটরের কথোপকথনের রেকর্ডও প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এরপর RECO (Real Estate Council of Ontario) -তে অভিযোগ দাখিল করতে হবে। গুরুতর অভিযোগ হলে পুলিশের ফ্রড ইউনিট কিংবা Canadian Anti-Fraud Centre-এ রিপোর্ট করতে পারেন।
সবশেষে বলতেই হয়—রিয়েলটরদের মধ্যে অনেকেই পেশাদার, সৎ ও বিশ্বস্ত। তবে কিছু অসাধু ব্যক্তি পুরো পেশাটিকেই প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে বাংলাদেশি বা ধর্মীয় পরিচয়ের আড়ালে আবেগের শিকার হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। তাই, প্রপার্টি কেনা-বেচার সময় আত্মীয়তা নয়, চাই কঠোর যাচাই। একজন রিয়েলটর আপনার মসজিদের সাথী হতে পারেন, সামাজিক অনুষ্ঠানের অতিথি হতে পারেন, কিন্তু তার উপর ভরসা করে সিদ্ধান্ত নেওয়া মানেই নিজের জীবনের সবচেয়ে বড় বিনিয়োগকে বিপদের মুখে ফেলা।
স্মার্ট চেহারার আড়ালে লুকিয়ে থাকা কৌশলী হাতটিই হতে পারে আপনার স্বপ্ন ভাঙার কারিগর। তাই আবেগ নয়—সচেতনতা হোক আপনার সঙ্গী।









