ক্রিকেট

দায়িত্ব নিয়েই সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মুখ খুললেন বুলবুল

ঢাকা, ৩০ মে – লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ইতোমধ্যেই দুই ফরম্যাট থেকে অবসরেরও ঘোষণা দিয়েছেন। ওয়ানডেতে খেলতে চাইলেও দলে সুযোগ মিলছে না তার। অবশ্য ক্রিকেটীয় কারণের চেয়েও মাঠের বাইরের নানা কাণ্ডের কারণে এখন দলে ব্রাত্য সাকিব।

সাকিবের দলে ফেরা নিয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব যেন ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

‘উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’-যোগ করেন তিনি।

দেশের ক্রিকেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বুলবুল বলেন, ‘দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ। আমাদের দেশে কী ক্রিকেট আছে আমরা চেষ্টা করব সেটাকে আরও এগিয়ে নিতে। আমি বিশ্বাস করি ১১ জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য। আমি আশা করব আমরা একটা দল হিসেবে কাজ করব।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language