হবিগঞ্জ

হবিগঞ্জে শিশুসহ ২২ জনকে পুশইন করেছে বিএসএফ

হবিগঞ্জ, ৩০ মে – হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের রেমা-কালেঙ্গা জঙ্গল এলাকা দিয়ে ফের ২২ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। শুক্রবার ভোরে কোনো এক সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদেরকে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান।

জানা যায়, বিজিবি রেমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে ৯ জন পুরুষ, ৮ জন মহিলা এবং পাঁচজন শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। সংবাদ পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ, পরিচয় জানা ও অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, আমরা ভোরে খবর পাই বিএসএফ ২২ জনকে পুশইন করেছে। সাথে সাথে বিজিবিকে খবর দিই। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে রাখেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জনকে পুশইনের বিষয়টি আমি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ৩০ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language