ঢাকা

গৃহবধূকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, পালিয়েছেন স্বামী

ঢাকা, ২০ এপ্রিল – সাভারের আশুলিয়ায় রোকসানা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী বাবুল আক্তার পলাতক রয়েছেন।

রোববার (২০ এপ্রিল) সকালে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় কালাম মাদবরের মালিকানাধীন ৫ তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রোকসানা আক্তার শেরপুর জেলার মো. আব্দুর রশিদের মেয়ে। তিনি আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় ভাড়া বাড়িতে থেকে ইনডিগো লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তবে নিহতের স্বামী বাবুল আক্তারের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, আজ ভোর সকালে বাসার মালিক ফ্ল্যাট থেকে আগুনের গন্ধ পেয়ে বের হন। পরে নিচতলায় গেলে রোকসানার ফ্ল্যাট থেকে আগুনে পোড়া গন্ধ পেয়ে কক্ষের ভেতরে ঢুকেন। সেই সময় খাটের কম্বলে আগুন দেখে প্রতিবেশীদের ডেকে আগুন নেভান। পরে কম্বল সরিয়ে রোকসানাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেন প্রতিবেশীরা।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের কিছু অংশ আগুনে পুড়িয়েছে হত্যাকারী।

নিহতের স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language