লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৩

ঢাকা, ১৬ জুন – লন্ডনে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই অনুষ্ঠানে বিক্ষোভ প্রদর্শন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ও সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং অন্তত তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির ওই সভাকে কেন্দ্র করে বিকেল থেকেই রেস্তোরাঁর সামনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে এনসিপি কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং সেখানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষেও তিনি পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে স্থান ত্যাগ করেন।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহকে অনুসরণ করে একদল লোক উসকানিমূলক মন্তব্য করে এবং ডিম নিক্ষেপ করে। এই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে এবং একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করে দাবি করেছে যে আওয়ামী লীগ এখনো অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।
অন্যদিকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, তারা দলগতভাবে কোনো কর্মসূচি দেননি। তবে ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারে।
এনএন/ ১৬ জুন ২০২৬









