পশ্চিমবঙ্গ

মহাকুম্ভে যাওয়ার পথেই শেষ একটা গোটা বাঙালি পরিবার, মুখ খুললেন মমতা

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি – হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২৬ তারিখে শেষ হয়ে যাবে মহাকুম্ভ মেলা। তাই তার আগে নতুন করে সঙ্গমে পুণ্যডুব দেওয়ার হিড়িক লেগেছে সাধারণের মনে। সে রাজ্যের প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্য়েই বাড়তে শুরু করেছে ভিড়। গত এক মাসে এখনও পর্যন্ত ডুব দিয়ে ফেলেছেন ৬০ কোটি পুণ্যার্থী। আর এই সংখ্যা যে শেষ দিনে চড়চড়িয়ে বাড়বে, সেই ইঙ্গিতটা দিচ্ছেন আধিকারিকরা।

এমনই বাকিদের মতোই শেষদিনে সঙ্গমে পুণ্যডুব দিতে প্রয়াগরাজের পথ ধরেছিলেন বঙ্গের বেশ কয়েকজন। কিন্তু মাঝপথেই ‘স্বপ্নভঙ্গ’। পুণ্যস্থলে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গেল। শুক্রবার গভীর রাতে মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডে গুরুতর দুর্ঘনার মুখে পড়লেন সেই পুণ্যার্থীরা। ঘটনায় মৃত্যু হয়েছে মোট ছয় জনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ ধানবাদের দ্বিতীয় জাতীয় সড়কে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেই পুণ্যার্থীদের গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ মোট ৪ জনের। গুরুতর ভাবে আহত হয় বাকি পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থাতেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে মৃত্যু হয় আরও দু’জনের।

নিহতদের নাম প্রণব সাহা, তাঁর স্ত্রী শ্যামলী সাহা, শালী পিয়ালি সাহা। সেই গাড়ির চালক শেখ রজন আলি। মৃত্যু হয়েছে আরও দুই নাবালক ও নাবালিকার। জানা গিয়েছে, শেখ রজন ও পিয়ালি সাহা আবার হুগলির বাসিন্দা ও বাকিরা পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা। শুক্রবার, পশ্চিম মেদিনীপুর হয়েই হুগলির দিকে এগোয় এই পুণ্যার্থীদের গাড়িটি। সেখান থেকে ওঠেন পিয়ালি সাহা। তারপর মাঝরাতে তারা ঢুকে পড়ে ঝাড়খণ্ডে।

 

সেখানেই তীয় জাতীয় সড়কে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেই পুণ্যার্থীদের গাড়িটির। পিছন থেকে অন্য আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে সেই কুম্ভযাত্রীদের গাড়িতে।

উল্লেখ্য, এই ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে তিনি লেখেন, ‘মহাকুম্ভে যেতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ছয়জনের পরিবার-পরিজনকে আমি সমবেদনা জানাই। রাজ্যে তাদের দেহ নিয়ে আসতে মৃতদের পরিবারকে সম্পূর্ণ রূপে সাহায্য় করতে প্রস্তুত রাজ্য সরকার।’

সূত্র: টিভি নাইন
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language