ফুটবল

জাপানের বিপক্ষে নাটকীয় জয় ব্রাজিলের: নেপথ্যে আনচেলত্তির শান্ত থাকার টোটকা

ডালাস, ৩০ জুন – জাপানের বিপক্ষে নকআউট পর্বের হাই ভোল্টেজ ম্যাচে পিছিয়ে পড়েও দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষ শিবিরের পক্ষ থেকে বিরূপ মন্তব্য আসলেও মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সেলেসাওরা।

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা। অধিনায়ক ক্যাসেমিরোর গোলে সমতায় ফেরার পর শেষ মুহূর্তে বদলি ফুটবলার গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে জয় পায় ব্রাজিল।

২০০২ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জেতার রেকর্ড ছিল না ব্রাজিলের। জাপানের বিপক্ষে গোল হজম করার পর ভক্তদের মনে বড় ধরনের অঘটনের শঙ্কা তৈরি হয়েছিল। তবে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির রণকৌশল ও ড্রেসিংরুমের শান্ত থাকার বার্তা বদলে দেয় দলের মানসিকতা।

অধিনায়ক ক্যাসেমিরো জানান, বিরতির সময় কোচের প্রধান বার্তাই ছিল মাথা ঠান্ডা রাখা। দলের প্রত্যেকে সেই নির্দেশনা পালন করায় এই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।

দলের জয়ে তরুণ খেলোয়াড়দের ভূমিকার প্রশংসা করেছেন ফুটবলাররা। বিশেষ করে মার্তিনেল্লির গোল এবং এন্ড্রিক ও রায়ানের মতো তরুণদের পারফরম্যান্স দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। গোলরক্ষক অ্যালিসন বেকার এবং মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও কোচের প্রশংসা করে বলেন, চরম উত্তেজনার মুহূর্তে মানসিক অস্থিরতা কাটিয়ে একে অপরকে সাহস যুগিয়েছেন তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি বলেন, আধুনিক ফুটবলে মানসিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটাই মূল চ্যালেঞ্জ। পরবর্তী রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে আইভরি কোস্ট অথবা নরওয়ে।

আজ রাতে ডালাস স্টেডিয়ামে এই দুই দলের লড়াই শেষে নির্ধারিত হবে ব্রাজিলের আগামী প্রতিপক্ষ। আগামী ৬ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এনএন/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language