রাজশাহী

রাজশাহীতে কেটে বিক্রি হবে ইলিশ

রাজশাহী, ০৯ অক্টোবর – দাম বেশি হওয়ায় এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীতে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে ইলিশ মাছ কেটে বিক্রি করা হবে। কেউ চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন। চড়া দামের কারণে অনেক গরিব মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

তিনি বলেন , এমনও গরিব মানুষ আছেন, যারা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গোৎসব চলছে। এজন্য এই সময়ে ইলিশ মাছ কেটে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন।

সেকেন্দার আলী জানান, কেজি হিসেবে মাছের যে দাম ধরা হবে, কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তা-ই নেওয়া হবে। বিষয়টি মানুষের কাছে ছড়িয়ে দিতে রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ০৯ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language